জাতীয়

ঈদের আগে সরকারি কর্মচারীদের শেষ কর্মদিবস আজ

আপডেট: মার্চ ১৬, ২০২৬ : ০৫:০৮ এএম
ঈদের আগে সরকারি কর্মচারীদের শেষ কর্মদিবস আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। সে হিসেবে ঈদের আগে আজ সোমবার সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সব সরকারি অফিসে ছুটি থাকবে। গত ৫ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়। ফলে এবার ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদর–এর সরকারি ছুটি রয়েছে। পরদিন ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার ফলে এবার ছুটি বেড়ে টানা সাত দিনে দাঁড়িয়েছে।

গত ৭ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যবণ্টন (কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬) অনুযায়ী নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ছুটির সময় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেশির ভাগ বেসরকারি অফিসও বন্ধ থাকবে। তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।

এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা অন্তর্ভুক্ত। পাশাপাশি হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!