জাতীয়

মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি: ইউএনসিটিএডি প্রধান

আপডেট: মার্চ ১৭, ২০২৬ : ০৫:৫৯ এএম
মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি: ইউএনসিটিএডি প্রধান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন–এর মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। তিনি বলেন, এই পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর ওপর।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। উভয় পক্ষই মনে করেন, সংঘাতের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে।

বৈঠকে বলা হয়, এরই মধ্যে উন্নয়নশীল দেশগুলো নেতিবাচক প্রভাবের মুখে পড়েছে। বিশেষ করে দরিদ্র দেশগুলো দীর্ঘদিনের উন্নয়ন অগ্রগতি হারানোর ঝুঁকিতে রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং দ্রুত কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তারা।

বৈঠকে উভয় নেতা তাদের নিজ নিজ প্রার্থিতা নিয়েও আলোচনা করেন। রেবেকা গ্রিনস্প্যান বর্তমানে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী। অন্যদিকে ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থী।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!