রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে দুজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ক্যাডারের এই দুই কর্মকর্তার চাকরি প্রেষণে রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ্দীনকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমানে সচিব পদমর্যাদায় মো. সরওয়ার আলম রাষ্ট্রপতির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন এই নিয়োগের মাধ্যমে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে আরও দুই কর্মকর্তা যুক্ত হলেন।
এর আগে গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সব কর্মকর্তা সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এসব নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এছাড়া পৃথক আদেশে কমডোর মো. আসাদুজ্জামানকে জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস পদে নিয়োগ দিয়ে তার চাকরি সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, বর্তমান সার্জেন্ট অ্যাট আর্মস কমডোর মো. রাশেদ সাত্তারকে নৌবাহিনীতে ফেরত পাঠিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!