জাতীয়

ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস

আপডেট: মার্চ ২৫, ২০২৬ : ০৫:১৪ এএম
ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস

আজ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির জীবনে নেমে এসেছিল এক বিভীষিকাময় কালরাত।

সেই রাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিকসহ অসংখ্য নিরীহ মানুষ হত্যার শিকার হন।

দিনটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তার বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ২৫ মার্চ জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। এই গণহত্যায় পুরো জাতি স্তব্ধ হয়ে পড়েছিল।

তিনি উল্লেখ করেন, ওই রাতেই চট্টগ্রামে ইস্টবেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহ ও কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে এবং সশস্ত্র প্রতিরোধের পথ উন্মুক্ত করে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। এই নির্মম ঘটনার ইতিহাস জানা এবং তা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের প্রকৃত সম্মান জানানো সম্ভব।

২৫ মার্চের এই দিনে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!