মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে। শুভেচ্ছাবার্তায় রাজা চার্লস বলেন, বাংলাদেশের জাতীয় দিবসের এই আনন্দঘন মুহূর্তে তিনি ও তাঁর স্ত্রী রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, এই সম্পর্ক কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে।
চিঠিতে রাজা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত বিপুল জনগোষ্ঠী দেশটির জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করছে।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে বোঝাপড়া, সহযোগিতা ও সুযোগ তৈরিতে কমনওয়েলথ পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে সদস্য দেশগুলোর ঐক্য ও সম্মিলিত শক্তি আগের চেয়ে বেশি প্রয়োজন।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের কথাও উল্লেখ করেন রাজা চার্লস। তিনি জানান, ওই বৈঠকে সদস্য দেশগুলোর সঙ্গে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে তিনি আশাবাদী।
জলবায়ু ইস্যুতেও বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে রাজা বলেন, টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের নেতৃত্ব উল্লেখযোগ্য।
বার্তার শেষে তিনি বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!