জাতীয়

মহান স্বাধীনতা দিবস আজ: গৌরব ও আত্মত্যাগের স্মরণে জাতি

আপডেট: মার্চ ২৬, ২০২৬ : ০৮:০৫ এএম
মহান স্বাধীনতা দিবস আজ: গৌরব ও আত্মত্যাগের স্মরণে জাতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে স্বাধীনতার চূড়ান্ত সংগ্রাম শুরু হয়। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ।

এ বছর ৫৬তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সারা দেশে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

একাত্তরের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর আক্রমণের পর বাঙালি জাতি সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলে। দীর্ঘ নয় মাসের যুদ্ধ, অসংখ্য শহীদের আত্মত্যাগ এবং অগণিত মানুষের ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা জোগায়। তিনি স্বাধীনতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাধীনতা দিবস জাতির জীবনে গৌরবময় ও তাৎপর্যপূর্ণ একটি দিন। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়েছে। সরকারি-বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এ ছাড়া দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট আয়োজন করা হয়েছে, যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাঙালি জাতি শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!