১৯৭১ সালে দেশের সংকটময় সময়ে জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের শুরুর সেই কঠিন সময়ে দেশ যখন কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়েছিল, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, যা পরবর্তীতে জনযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, জাতীয় ইতিহাসের প্রকৃত চিত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। ইতিহাসের সত্য অনুসন্ধানের মাধ্যমেই একটি জাতি সামনে এগিয়ে যাওয়ার শক্তি পায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শেখ রেজাউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি এবং মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত।
অনুষ্ঠানের শুরুতে একাডেমির শিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করেন। পরে একক সংগীত পরিবেশন করেন খুরশিদ আলম ও আলম আরা মিনু। সবশেষে নৃত্য পরিবেশন করেন একাডেমির নৃত্যশিল্পীরা।
সূত্র: বাসস।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!