রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাস দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে ১৮ জনই রাজবাড়ী জেলার বাসিন্দা বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে নদীর প্রায় ৯০ ফুট গভীর থেকে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয় এবং একে একে যাত্রীদের মরদেহ বের করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৯ জন, গোয়ালন্দ উপজেলার ২ জন, কালুখালী উপজেলার ৬ জন এবং বালিয়াকান্দি উপজেলার ১ জন রয়েছেন। এছাড়া কুষ্টিয়া, গোপালগঞ্জ, দিনাজপুর, ঢাকা ও ঝিনাইদহ জেলার বাসিন্দারাও নিহতদের মধ্যে আছেন।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, নিহতদের প্রত্যেক পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে ১৫ হাজার টাকা করে। তিনি আরও জানান, সবগুলো মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!