জাতীয়

একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন

আপডেট: মার্চ ২৭, ২০২৬ : ০৫:৩৩ এএম
একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই গুণী শিল্পী।

মাহবুবা রহমানের সংগীত যাত্রা শুরু হয় ১৯৪৭ সালে তৎকালীন ‘অল ইন্ডিয়া রেডিও’ ঢাকা কেন্দ্র থেকে। তিনি পঞ্চাশ ও সত্তর দশকের রেডিও এবং চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের অন্যতম কণ্ঠশিল্পী ছিলেন। পল্লিগীতি ও আধুনিক গানে তাঁর অবদান ঈর্ষণীয়। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হন।

তিনি গেয়েছেন ‘মনের বনে দোলা লাগে’ (‘মুখ ও মুখোশ’), ‘নিরালা রাতের প্রথম প্রহরে’ (‘কখনো আসেনি’), ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’সহ অসংখ্য কালজয়ী গান। এছাড়া ‘জাগো হুয়া সাভেরা’, ‘আসিয়া’, ‘এ দেশ তোমার আমার’, ‘সোনার কাজল’, ‘নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘সাত ভাই চম্পা’ চলচ্চিত্রেও তিনি নেপথ্য কণ্ঠ দিয়েছেন।

১৯৫০ সালে আবুল হাসনাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও পারিবারিক অমতে সেই বিবাহ স্থায়ী হয়নি। পরবর্তীতে ১৯৫৮ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার ও সংগীতজ্ঞ খান আতাউর রহমানের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির ঘরে রয়েছে এক ছেলে ও দুই মেয়ে, যাদের মধ্যে অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা ইসলাম।

মাহবুবা রহমানের প্রয়াণে বাংলা সংগীত জগত গভীর শোকের ছায়ায় নেমেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!