জাতীয়

কৃষি খাত এগিয়ে নিতে সরকার কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট: মার্চ ২৮, ২০২৬ : ০৫:০৭ এএম
কৃষি খাত এগিয়ে নিতে সরকার কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির কোনো বিকল্প নেই। কৃষি খাতকে এগিয়ে নিতে এবং উৎপাদন বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে শিগগিরই ‘কৃষক কার্ড’ চালু করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন।

তিনি আরও বলেন, উৎপাদন খরচ কমানো এবং ফসলের ফলন বাড়াতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।

ডা. জাহিদ হোসেন বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করছে। খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে কৃষি খাতকে আরও এগিয়ে নিতে সরকারি সহযোগিতা ও কৃষি বিভাগের পরামর্শ অব্যাহত থাকবে।

সূত্র: বাসস

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!