জাতীয়

জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা, সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক কক্ষে অবস্থান

আপডেট: মার্চ ৩০, ২০২৬ : ০৫:১৭ এএম
জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা, সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক কক্ষে অবস্থান

জ্বালানি সাশ্রয় এবং অফিস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নতুন নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিসকক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) জারি করা এক অফিস আদেশে মন্ত্রণালয় জানায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি অফিসকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছিল।

নির্দেশনায় বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতির ব্যবহার কমাতে হবে। জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। অফিস চলাকালে প্রয়োজন ছাড়া অতিরিক্ত লাইট, ফ্যান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বা অন্য বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার কথাও উল্লেখ করা হয়েছে।

এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে বলা হয়েছে। এছাড়া অফিসকক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান, এসিসহ সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখতে হবে। করিডর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

অফিস সময় শেষে সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি—কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ—বন্ধ নিশ্চিত করতে বলা হয়েছে। সরকারি নির্দেশনা ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে।

একই সঙ্গে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। অফিসকক্ষ, করিডর, টয়লেট ও সিঁড়িসহ সব স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনাও রয়েছে।

এসব নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে ভিজিল্যান্স টিম (পরিদর্শন দল) গঠনের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!