জাতীয়

সংসদে আজ মুখোমুখি সরকার ও বিরোধী দল, উত্তপ্ত আলোচনার আভাস

আপডেট: মার্চ ৩১, ২০২৬ : ০৬:০৯ এএম
সংসদে আজ মুখোমুখি সরকার ও বিরোধী দল, উত্তপ্ত আলোচনার আভাস

জাতীয় সংসদে আজ মঙ্গলবার বিরোধীদলীয় নেতার আনা একটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনায় মুখোমুখি হচ্ছে সরকার ও বিরোধী দল। নির্ধারিত দুই ঘণ্টার এ আলোচনা ঘিরে উত্তপ্ত পরিবেশের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সংসদ সচিবালয় সূত্র জানায়, দিনের কার্যসূচির শেষ দিকে মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য তোলা হবে। ডেপুটি স্পিকারের রুলিং অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি ও বিরোধী দলের সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরবেন।

এর আগে গত রোববারের অধিবেশনে এই প্রস্তাবকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি স্পিকারের মধ্যে বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ মুলতবি করে জুলাই সনদ ও সংস্কার পরিষদের প্রস্তাবিত বিষয় নিয়ে আলোচনার দাবি জানান। পরে কার্যপ্রণালি বিধির ৬৫(২) ধারা অনুযায়ী আজকের দিনটি আলোচনার জন্য নির্ধারণ করা হয়।

তবে রুলিং দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী নোটিশ সংশোধনের দাবি তুললে উত্তেজনা তৈরি হয়। তিনি আলোচনায় সম্মতি জানালেও নোটিশে পরিবর্তনের প্রস্তাব দেন। এ সময় ডেপুটি স্পিকার কঠোর অবস্থান নিয়ে তার সিদ্ধান্ত বহাল রাখেন এবং সদস্যদের নিজ নিজ আসনে বসার আহ্বান জানান।

আজকের আলোচনায় সেই সংশোধন প্রসঙ্গ আবারও উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও বিরোধীদলীয় নেতা আগেই জানিয়েছেন, স্পিকারের রুলিংয়ের পর এ বিষয়ে আর বিতর্কের সুযোগ নেই। তারা মূল দাবি নিয়েই আলোচনায় অংশ নেবেন।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময় বণ্টন, আলোচনার পরিবেশ এবং দুই পক্ষের অবস্থান—সবকিছু মিলিয়ে অধিবেশনটি প্রাণবন্ত হওয়ার পাশাপাশি বিতর্কমুখর হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুলতবি প্রস্তাবের গুরুত্ব বিবেচনায় আজকের অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতি তুলনামূলক বেশি হতে পারে। সরকারপক্ষ থেকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয়ে জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে বিরোধী দলও তাদের প্রস্তাবের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরতে প্রস্তুত।

সব মিলিয়ে আজকের সংসদ অধিবেশন উত্তাপ ছড়াতে পারে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!