ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম–এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বৈঠক করেছেন। সোমবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, সেবার মান উন্নয়ন এবং চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যমান সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়েছে।
বৈঠকে ফকির মাহবুব আনাম বলেন, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় বর্তমান সেবার মান সন্তোষজনক হলেও বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দ্রুত নবায়ন প্রয়োজন। সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, টেলিযোগাযোগ খাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, বাংলাদেশের সঙ্গে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে সহযোগিতা ইতিবাচক ধারায় এগোচ্ছে। এ সহযোগিতা আরও বিস্তৃত করতে ফ্রান্স আগ্রহী বলেও তিনি জানান। পারস্পরিক আলোচনার মাধ্যমে চুক্তি নবায়নের বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে জানানো হয়, সংশ্লিষ্ট স্যাটেলাইট সেবার চুক্তি নবায়ন নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করছে।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ফ্রান্সের উন্নয়ন সহযোগী সংস্থা Agence Française de Développement–এর কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!