জাতীয়

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৪ পদের আবেদনকারীদের নথি জমার নির্দেশ

আপডেট: মার্চ ৩১, ২০২৬ : ০৬:৩২ এএম
বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৪ পদের আবেদনকারীদের নথি জমার নির্দেশ

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন পদে সরাসরি নিয়োগের জন্য অনলাইনে আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্র (BPSC Form-D) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বিপিএসসির মঙ্গলবার (৩০ মার্চ) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাপক (৩য় গ্রেড), সহযোগী অধ্যাপক (৪র্থ গ্রেড), সিনিয়র কনসালটেন্ট (৫ম গ্রেড) ও সহকারী অধ্যাপক (৬ষ্ঠ গ্রেড) পদের প্রার্থীদের আগামী ২-৮ এপ্রিলের মধ্যে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতি কার্যদিবসে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত পিএসসি সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার) কাছে নথি জমা দিতে হবে। আবেদনপত্র ডাকযোগেও পাঠানো যাবে।

বিপিএসসি জানায়, প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ফরম-ডি-এর সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা সত্যায়িত ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, প্রবেশপত্রের সত্যায়িত কপি এবং অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। এছাড়া বয়স প্রমাণের জন্য এসএসসি বা সমমানের সনদের কপি (এফিডেভেট গ্রহণযোগ্য নয়), জাতীয় পরিচয়পত্র, বিএমডিসির ইস্যু করা হালনাগাদ রেজিস্ট্রেশন ও ইকুইভ্যালেন্স সনদ (যথাসম্ভব) এবং অভিজ্ঞতার বিস্তারিত প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

বিশেষ কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, প্রতিবন্ধী সনদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের সত্যায়িত সনদপত্র জমা দেওয়া আবশ্যক।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র জমা দিতে হবে; অন্যথায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা না দিলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এছাড়া আবেদনপত্রে কোনো তথ্য ভুল বা নথির ঘাটতি ধরা পড়লে নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!