জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল বাংলাদেশ

আপডেট: এপ্রি ০১, ২০২৬ : ০৪:৫৫ এএম
জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল বাংলাদেশ

জ্বালানি খাতে চলমান সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে এই সহযোগিতা কামনা করা হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে তিনি বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি তুলে ধরে সহায়তা প্রার্থনা করেন।

বুধবার (১ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এ পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন।

জবাবে মার্কিন জ্বালানি সচিব বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে এবং এই কঠিন সময়ে সহায়তা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের জন্য নিরাপদ ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানির সুযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!