বাংলাদেশে আন্তর্জাতিক মানের ড্রাইভিং স্কুল স্থাপন এবং প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরির আগ্রহ প্রকাশ করেছে জাপানের কান্টো গ্রুপ।
বুধবার (১ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল এ প্রস্তাব তুলে ধরে।
প্রতিনিধি দলে ছিলেন কান্টো গ্রুপের পরিকল্পনা ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক মিউমি সাকায়ে এবং কান্টো ড্রাইভিং স্কুলের প্রিন্সিপাল আকিরা কাকিজাকি।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল জানায়, জাপানে বর্তমানে দক্ষ গাড়িচালকের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণে বাংলাদেশে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানে প্রশিক্ষণের পাশাপাশি জাপানি ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ থাকবে, যা জাপানে কর্মসংস্থানের পথ সুগম করবে।
প্রতিমন্ত্রী মো. নুরুল হক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে তুলতে সরকার কাজ করছে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশি যুবকদের জন্য বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
তিনি প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তার আশ্বাস দেন।
সভায় উপস্থিত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী প্রতিনিধি দলকে প্রস্তাবটি বিস্তারিত আকারে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার আহ্বান জানান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!