হরমুজ প্রণালির জটিলতা এড়াতে সৌদি আরব থেকে বিকল্প পথে আরও এক লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানি করছে বাংলাদেশ। আগামী ২০ এপ্রিল এই তেল বহনকারী জাহাজ সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে রওনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাহাজটি সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) তেল খালাস করবে। পরবর্তীতে এই তেল পরিশোধন করে দেশের বাজারে সরবরাহ করা হবে।
এদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বর্তমানে হরমুজ প্রণালিতে আটকা রয়েছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের অনুমতি না পাওয়ায় সেটি বাংলাদেশে আসতে পারছে না।
জানা গেছে, সম্প্রতি ইরান কয়েকটি বাংলাদেশি জাহাজকে চলাচলের অনুমতি দিলেও এই জাহাজটি সেই তালিকায় নেই। ফলে তেলটি এখনো অনিশ্চয়তায় রয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্রে জানা গেছে, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে বিকল্প পথে আসা তেলসহ মোট দুই লাখ মেট্রিক টন ক্রুড অয়েল চট্টগ্রামে পৌঁছাতে পারে। এসব তেল পরিশোধনের পর বাজারে সরবরাহ করা হলে চলমান জ্বালানি সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!