প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে নবগঠিত ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশের বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে এই পরিষদ গঠনকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো গঠিত এই পরিষদের মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা সরকারি উচ্চপর্যায়ে সরাসরি মতামত দেওয়ার সুযোগ পাচ্ছেন। এতে বিনিয়োগ পরিবেশ, প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যৎ অগ্রাধিকার বিষয়ে কাঠামোবদ্ধ প্রস্তাব তুলে ধরার পথ তৈরি হয়েছে।
বৈঠকে পরিষদের সদস্যরা নিয়ন্ত্রণব্যবস্থা, জ্বালানি পরিস্থিতি, মানবসম্পদ উন্নয়ন, করনীতি, লজিস্টিকস, রপ্তানি বৈচিত্র্য এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একটি উন্মুক্ত ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান তারা।
সভায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ শিগগিরই একটি সারসংক্ষেপ প্রস্তাবনা প্রস্তুত করবে। এতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনার মাধ্যমে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বিডা জানায়, প্রস্তাবিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংস্থাটি সমন্বয়কারী হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!