জাতীয়

আজ ইস্টার সানডে

আপডেট: এপ্রি ০৫, ২০২৬ : ০৫:০৫ এএম
আজ ইস্টার সানডে

আজ ইস্টার সানডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় উৎসবে বিশ্বজুড়ে উদ্‌যাপিত হচ্ছে যিশু খ্রিস্টের পুনরুত্থান।

খ্রিস্টধর্মের বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর তৃতীয় দিনে পুনরায় জীবিত হন। সেই ঘটনাকেই স্মরণ করে প্রতিবছর গুড ফ্রাইডের পরের রোববার ইস্টার সানডে পালন করা হয়। খ্রিস্টানদের কাছে এটি মৃত্যুর ওপর জীবনের জয় এবং নতুন সূচনার প্রতীক।

খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন হলেও গুরুত্বের দিক থেকে ইস্টার দ্বিতীয়। এই দিনটি তাদের ধর্মীয় বিশ্বাসের মূলভিত্তি—যিশুর আত্মত্যাগ ও পুনরুত্থানের স্মারক।

বিশ্বের বিভিন্ন দেশে ইস্টার উপলক্ষে গির্জায় বিশেষ প্রার্থনা, ধর্মীয় আচার ও নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। কয়েক দিন ধরে চলে প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা। ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি উৎসবটি আনন্দ-উদ্‌যাপনেরও উপলক্ষ হয়ে ওঠে।

ইস্টারের তারিখ নির্দিষ্ট নয়। সাধারণত ২১ মার্চের পর প্রথম পূর্ণিমার পরবর্তী রোববার এটি পালিত হয়। ফলে প্রতিবছর ৪ এপ্রিল থেকে ৮ মের মধ্যে যেকোনো দিনে ইস্টার সানডে পড়তে পারে।

ধর্মীয় আচার ছাড়াও এদিন নানা ঐতিহ্যবাহী আয়োজন দেখা যায়। ‘ইস্টার এগ’ বিনিময় তার মধ্যে অন্যতম, যা নতুন জীবনের প্রতীক হিসেবে বিবেচিত। রঙিন ডিম, চকোলেট এগ এবং শিশুদের জন্য ‘ইস্টার বানি’—এসব আয়োজন উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

ইস্টার সানডের মূল বার্তা হলো আত্মত্যাগ, মানবসেবা এবং সত্য ও সুন্দরের পথে চলার আহ্বান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!