জাতীয়

মানবসম্পদ রক্ষায় তামাক নিয়ন্ত্রণ জরুরি: চিফ হুইপ

আপডেট: এপ্রি ০৫, ২০২৬ : ০৫:০৯ এএম
মানবসম্পদ রক্ষায় তামাক নিয়ন্ত্রণ জরুরি: চিফ হুইপ

মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, তামাকের ব্যবহার পুরোপুরি নির্মূল সম্ভব না হলেও এর বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন’ শক্তিশালী করার প্রয়োজনীয়তা শীর্ষক এক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তামাকবিরোধী নারী জোটের আয়োজনে এবং উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা সংস্থার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চিফ হুইপ বলেন, তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষ সচেতন হলেও এর ব্যবহার কমছে না। জনঘনত্ব বেশি হওয়ায় একজনের ধূমপান অন্যদেরও ঝুঁকিতে ফেলছে। তাই এ বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ দরকার।

তামাক চাষিদের বিকল্প ফসল চাষে উৎসাহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তামাক চাষের পরিবর্তে লাভজনক অন্য কৃষিপণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়া উচিত।

তিনি আরও বলেন, ২০০৫ সালে দেশে তামাকবিরোধী আইন প্রণয়ন করা হয় এবং টেলিভিশনে তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছিল। বর্তমান সরকারও তামাক নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে।

অনুষ্ঠানে দেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, কৃষকদের ঋণ মওকুফ, কৃষক কার্ড প্রদান, নারীর ক্ষমতায়ন এবং ধর্মীয় নেতাদের ভাতা প্রদানের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।

পরিবেশ সুরক্ষায় খাল খনন ও বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানান চিফ হুইপ। তিনি বলেন, এসব উদ্যোগ ভবিষ্যতে দেশের অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫-কে আইনে রূপান্তরের দাবি জানানো হয়। এছাড়া তামাক ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে একটি উপস্থাপনাও করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!