জাতীয়

ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন

আপডেট: এপ্রি ০৬, ২০২৬ : ০৪:৫৮ এএম
ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা সফরে এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন।

নতুন সরকার গঠনের পর তার এই সফরকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।  আজ সোমবার (৬ এপ্রিল) থেকে তার সফরের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, সফরকালে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বিমান চলাচল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।

সফরের অংশ হিসেবে ব্যারোনেস উইন্টারটন বিভিন্ন মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশে কার্যরত যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

এ ছাড়া তিনি এমন কিছু রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন, যারা যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিটিসিএস) সুবিধা ব্যবহার করে পণ্য রপ্তানি করছে। এই স্কিমের আওতায় শুল্কমুক্ত বাজার সুবিধা, সহজ নিয়ম এবং রপ্তানি বৈচিত্র্যকরণে উৎসাহ দেওয়া হয়।

ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ডিটিসিএস সুবিধার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম বৃহৎ সুবিধাভোগী দেশ। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য রপ্তানির পাশাপাশি কর্মসংস্থানও বাড়ছে।

সফর প্রসঙ্গে ব্যারোনেস উইন্টারটন বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী সম্পর্ক রয়েছে। নতুন সুযোগ কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, এই সফর দুই দেশের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার এবং একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!