মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে লেবাননে ইসরায়েলি হামলায় এক বাংলাদেশি নারীর মৃত্যুর ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক। এ ধরনের হামলা অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করছে।
বৈরুতের ওই হামলায় বাংলাদেশি নাগরিক দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয়। সরকার তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং এই শোকের সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সব পক্ষকে সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানায়। একই সঙ্গে সংঘাতের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!