জাতীয়

‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট’—হাসনাতকে স্পিকারের সতর্কবার্তা

আপডেট: এপ্রি ১১, ২০২৬ : ০৪:৫৫ এএম
‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট’—হাসনাতকে স্পিকারের সতর্কবার্তা

জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না, মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং শুনতে হবে।’

শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের পর বিরোধী দলের আপত্তি ও সংশোধনী নিয়ে আলোচনা চলাকালে সংসদে উত্তেজনা দেখা দিলে স্পিকার এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, সংসদে মৌখিক বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের নোটিশ দিতে হবে এবং সেই নোটিশের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, আইনমন্ত্রীর বক্তব্য পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

স্পিকার জানান, বর্তমান সংসদের পরিবেশ অতীতের তুলনায় অনেক বেশি সহনশীল ও সহযোগিতামূলক। তিনি বলেন, ‘আমি আগের ছয়টি সংসদ দেখেছি। এবারের মতো সুন্দর পরিবেশ আগে ছিল না। প্রায় ৯০টি বিল পাসের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের মধ্যে যে সমঝোতা হয়েছে, তা সংসদীয় ইতিহাসে বিরল।’

তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী অধিবেশনে সংশোধনী বিল আনা যেতে পারে, যা সরকার বিবেচনা করবে।

স্পিকার আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের পর এটি একটি ইতিবাচক সূচনা। বিরোধী দলে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য থাকা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

গণতন্ত্রে মতভিন্নতাকে স্বাভাবিক উল্লেখ করে স্পিকার বলেন, ‘মতভেদ না থাকলে দেশে একটিই দল থাকত। বিরোধী দল যেন তাদের প্রাপ্য অধিকার পায়, সে বিষয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!