জাতীয়

দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

আপডেট: এপ্রি ১২, ২০২৬ : ০৫:১৮ এএম
দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য আজ রোববার শপথ নিতে যাচ্ছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

আজ দুপুর ১২টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ শেষে নবনির্বাচিত সদস্যরা নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। পরদিন ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

গেজেট অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুসারে গত ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের নাম, পিতা-মাতা ও ঠিকানা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে।

আজ শপথ নিতে যাওয়া দুই সদস্য হলেন—শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনে বিজয়ী মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নির্বাচিত মো. রেজাউল করিম বাদশা।

উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিজয়ী হলেও পরে আসনটি ছেড়ে দেন। ফলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে নতুন তফসিল অনুযায়ী একই দিনে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!