জাতীয়

কুকুর–কুমির ঘটনার তদন্তে দোষীদের শাস্তির নির্দেশ

আপডেট: এপ্রি ১২, ২০২৬ : ০৫:২১ এএম
কুকুর–কুমির ঘটনার তদন্তে দোষীদের শাস্তির নির্দেশ

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মৃত্যুর ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, কুকুরটি কুমিরের আক্রমণের শিকার হলেও উপস্থিত অনেকেই তা উদ্ধার না করে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। বিষয়টি মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটি প্রতিমন্ত্রীর নজরে এসেছে এবং তিনি এ ধরনের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, “শুধু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও আমি এ ঘটনায় মর্মাহত।” তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে মানুষ ও সকল প্রাণীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছেন।

সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে প্রতিমন্ত্রীর নির্দেশের পরপরই বাগেরহাট জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনকে প্রধান করে গঠিত এ কমিটিতে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কুমার দাস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ-উল-হাসান। প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!