জাতীয়

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ

আপডেট: এপ্রি ১২, ২০২৬ : ০৫:২৯ এএম
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১১ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। ইসি সচিব স্বাক্ষরিত গেজেটে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুযায়ী গত ৯ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের স্থগিত সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ শূন্য আসনের উপনির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম, পিতা-মাতার নাম ও ঠিকানা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল। তার পিতা সেরাজল হক ও মাতা মোছা. হেলেন আক্তার। তার ঠিকানা শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার হালগড়া এলাকায়।

অন্যদিকে, বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম বাদশা। তার পিতা মো. শাহ আলম ও মাতা জাহানারা বেগম। তার ঠিকানা বগুড়া সদর এলাকার শিববাটী।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে নির্বাচিত হলেও পরে আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের আয়োজন করে ইসি।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় পূর্বনির্ধারিত নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!