জাতীয়

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

আপডেট: এপ্রি ১২, ২০২৬ : ০৬:১৯ এএম
মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

রাজধানীর মতিঝিল-কমলাপুর এলাকায় অবস্থিত অটোমোবাইল ওয়ার্কশপগুলো উচ্ছেদ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি।

আজ রোববার (১২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, মতিঝিল-কমলাপুর এলাকায় তাদের অন্তর্ভুক্ত ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। এগুলো হঠাৎ উচ্ছেদ করা হলে হাজারো শ্রমিক, কর্মচারী ও তাদের পরিবারের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে।

তারা আরও বলেন, অটোমোবাইল ওয়ার্কশপগুলো শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়; এগুলো দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্যোক্তাদের নিজস্ব উদ্যোগে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষিত কারিগররা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন এবং রেমিট্যান্সের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন।

সমিতির দাবি, তারা নিয়মিত ভ্যাট ও কর পরিশোধের মাধ্যমে সরকারের রাজস্ব আয়ে ভূমিকা রাখছে। প্রায় ২৫ বছর ধরে প্রতিষ্ঠিত এসব ওয়ার্কশপ উচ্ছেদ করা হলে দেশের যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হতে পারে।

সংগঠনটির পক্ষ থেকে মানবিক দিক বিবেচনায় উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখা, পর্যাপ্ত সময় দেওয়া এবং পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!