জাতীয়

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল আলম

আপডেট: এপ্রি ১২, ২০২৬ : ০৬:৪৫ এএম
পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটখাতের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

আজ রোববার (১২ এপ্রিল) সকালে নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “একসময় পাট ছিল আমাদের ‘সোনালি আঁশ’। সেই সোনালি যুগ অনেকটাই হারিয়ে গেছে। আমরা তা পুনরুদ্ধারে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।”

তিনি জানান, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী দেশের বন্ধ টেক্সটাইল ও জুট মিলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দারোয়ানি টেক্সটাইল মিলস পুনরায় চালু করতে ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে এবং তা মূল্যায়নের কাজ চলছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মিলটি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মিলটি চালু হলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশের অর্থনৈতিক চাঞ্চল্য ফিরিয়ে আনতে কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমরা চাই দেশের প্রতিটি জেলায় প্রান্তিক মানুষের চাহিদা পূরণ করতে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।”

পাটের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্লাস্টিক পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে। সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে মানুষকে পাটপণ্য ব্যবহারে উৎসাহিত করা হবে।

এ সময় নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুর লতিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!