জাতীয়

তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষাও জরুরি: তথ্যমন্ত্রী

আপডেট: এপ্রি ১২, ২০২৬ : ০৬:৪৭ এএম
তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষাও জরুরি: তথ্যমন্ত্রী

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘তথ্য অধিকার ফোরাম’-এর কোর গ্রুপের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা। তবে তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে সঙ্গে অপতথ্য (মিসইনফরমেশন) ও বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) প্রতিরোধ করাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি জানান, তথ্য অধিকার আইন সংশোধন অধ্যাদেশ আপাতত স্থগিত রাখার পেছনে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামত নিয়ে কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, “শুধু তথ্যের প্রবাহ বাড়ালেই হবে না, এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। ‘মোর ইনফরমেশন, মোর ট্রুথ’—এই লক্ষ্য অর্জনে তথ্যপ্রবাহ যেমন জরুরি, তেমনি এর মান ও সত্যতাও নিশ্চিত করতে হবে।”

তিনি তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং) ও স্ক্রিনিং প্রক্রিয়ার ওপর জোর দেন এবং তথ্য কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ ছাড়া বক্তব্য দেন ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং হাসিবুর রহমান।

বক্তারা তথ্য অধিকার আইনের কার্যকারিতা বাড়ানো এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন সংস্কার প্রস্তাব তুলে ধরেন। মন্ত্রী আশ্বস্ত করেন, আইন প্রণয়নের প্রক্রিয়ায় সব অংশীজনকে সম্পৃক্ত করা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!