জাতীয়

পহেলা বৈশাখে উদ্বোধন, প্রথম দফায় কৃষক কার্ড পাচ্ছেন ২২ হাজার ৬৫ জন

আপডেট: এপ্রি ১২, ২০২৬ : ০৬:৫২ এএম
পহেলা বৈশাখে উদ্বোধন, প্রথম দফায় কৃষক কার্ড পাচ্ছেন ২২ হাজার ৬৫ জন

পহেলা বৈশাখে প্রি-পাইলটিং পর্যায়ে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের ২২ হাজার ৬৫ জন কৃষক এই কার্ড পাচ্ছেন।

আজ রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী জানান, বাংলা নববর্ষের প্রথম দিন টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে দেশের ৮ বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলায় নির্বাচিত ১১টি ব্লকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম চালু হচ্ছে।

তিনি বলেন, প্রি-পাইলট পর্যায়ে মোট ২২ হাজার ৬৫ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের সংখ্যা ২০ হাজার ৬৭১ জন, যা মোটের প্রায় ৯৩ দশমিক ৭ শতাংশ। এসবের মধ্যে ফসল উৎপাদনকারী কৃষক ছাড়াও মৎস্যজীবী, প্রাণিসম্পদ খামারি ও লবণ চাষিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

কৃষিমন্ত্রী আরও জানান, প্রাথমিক পর্যায়ে অন্তর্ভুক্ত ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। এই কর্মসূচি তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে—প্রি-পাইলটিং, পাইলটিং এবং দেশব্যাপী সম্প্রসারণ।

তিনি বলেন, ‘কৃষক কার্ড’ একটি ডিজিটাল ইউনিক পরিচয়পত্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে কৃষকরা নিরাপদ পেমেন্ট ব্যবস্থার পাশাপাশি সরকারি বিভিন্ন সেবা ও প্রণোদনা সহজে পেতে পারবেন। পাশাপাশি কৃষি খাতে স্বচ্ছতা বাড়ানো এবং দুর্নীতি কমানোও এই উদ্যোগের লক্ষ্য।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রি-পাইলট ও পাইলট কার্যক্রম সফল হলে আগামী চার বছরের মধ্যে দেশব্যাপী এই কার্ডের আওতায় আনা হবে দেশের প্রায় ২ কোটি ২৭ লাখ কৃষককে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!