চট্টগ্রাম থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল। ওই দিন বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রথম ফ্লাইটটি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বোয়িং-৭৭৭ উড়োজাহাজে এদিন ৪১৯ জন হজযাত্রী যাওয়ার কথা রয়েছে।
এ বছর চট্টগ্রাম থেকে মোট ১৬টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ১২টি জেদ্দায় এবং ৪টি মদিনায় যাবে। সব ফ্লাইটই পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত বছর চট্টগ্রাম থেকে ১৭টি ফ্লাইট পরিচালিত হলেও এবার তা কিছুটা কমেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক জানান, প্রথম ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাত্রীদের বোর্ডিং, ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর চট্টগ্রাম থেকে প্রায় সাড়ে ৬ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন, যা গত বছরের তুলনায় কম। কোটা হ্রাসসহ বিভিন্ন কারণে যাত্রীর সংখ্যা কমেছে।
হজযাত্রীদের সুবিধার্থে বিমানবন্দরে আলাদা হেল্পডেস্ক, অতিরিক্ত জনবল, দ্রুত ইমিগ্রেশন ও চিকিৎসাসেবা রাখা হয়েছে। বয়স্ক যাত্রীদের জন্য হুইলচেয়ার ও সহায়ক কর্মীর ব্যবস্থাও থাকবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজে অংশ নেবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!