ফেনীর যুবদল নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসনের পক্ষে সংগঠন আমরা বিএনপি পরিবার এ উদ্যোগ বাস্তবায়ন করছে।
রোববার (১২ এপ্রিল) সকালে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় বাড়ি নির্মাণকাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির নেতারা উপস্থিত থেকে শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানান।
এ সময় সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম বলেন, শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।
সংগঠনটির সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনসহ অন্য নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা শহীদ হারুনের পরিবারের প্রতি সহানুভূতি ও সহযোগিতার আশ্বাস দেন।
২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের ট্যাংক রোড এলাকায় একটি মিছিলে পুলিশের গুলিতে নিহত হন হারুনুর রশিদ। এরপর থেকে তাঁর পরিবার নানা সংকটে দিন কাটাচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নতুন এই বাড়ি নির্মাণের মাধ্যমে পরিবারটির বসবাসের স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!