জাতীয়

নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের

আপডেট: এপ্রি ১৩, ২০২৬ : ০৬:১৯ এএম
নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ নিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে International Organization for Migration (আইওএম)-এর প্রতি আহ্বান জানিয়েছেন।

ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, রাষ্ট্রদূতের আমন্ত্রণে আইওএম লিবিয়ার চিফ অব মিশন নিকোলেটা জিওর্দানোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি দূতাবাস পরিদর্শন করে। এ সময় উভয় পক্ষের মধ্যে বৈঠকে বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন, সুরক্ষা ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত আইওএম প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে লিবিয়া থেকে বিপদগ্রস্ত বাংলাদেশি অভিবাসীদের দেশে ফিরিয়ে আনতে সংস্থাটির সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, আইওএমের সহায়তায় অনেক অভিবাসী দেশে ফিরে পরিবার ও সমাজের সঙ্গে পুনরায় একীভূত হওয়ার সুযোগ পাচ্ছেন।

তিনি বিশেষভাবে ত্রিপোলি ও বেনগাজিসহ বিভিন্ন এলাকায় অবস্থানরত নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও অসুস্থ অভিবাসীদের চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিত করতে আরও সহায়তা কামনা করেন।

আইওএমের চিফ অব মিশন নিকোলেটা জিওর্দানো বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সংস্থাটির ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক অভিবাসীদের দ্রুততম সময়ে প্রত্যাবাসনে আইওএম কাজ করে যাচ্ছে।

বৈঠকে অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়ায় উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন উভয় পক্ষ।

পরিদর্শনকালে আইওএম প্রতিনিধিদল দূতাবাসের কনস্যুলার সেবা কেন্দ্র ও অভিবাসীদের নিবন্ধন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে। এ সময় তারা দূতাবাসের কার্যক্রমকে ‘অনুকরণীয়’ বলে উল্লেখ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!