জাতীয়

মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম

আপডেট: জুলা ১৭, ২০২৬ : ০৫:১৬ এএম
মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ ও অগ্রসর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মানিকগঞ্জের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আফরোজা খানম বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়রানিমুক্ত ও মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।

রথযাত্রা উপলক্ষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, “আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার কারণেই আজ আমি এই অবস্থানে এসেছি। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের জন্য একটি উন্নত ও নিরাপদ মানিকগঞ্জ গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, যাতে আপনাদের প্রত্যাশা ও স্বপ্ন পূরণে আমি সফল হতে পারি।” অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!