জাতীয়

সিরাজগঞ্জ ডিসি কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলারের উদ্বোধন

আপডেট: জুলা ১৮, ২০২৬ : ০৫:১৪ এএম
সিরাজগঞ্জ ডিসি কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলারের উদ্বোধন

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত ১৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড রুফটপ সোলার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

এ সময় তিনি সিরাজগঞ্জকে সোলার বিদ্যুতের মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের অব্যবহৃত ছাদে নির্মিত এ প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ বলেন, সিরাজগঞ্জের এই উদ্যোগকে অনুসরণ করে সারা দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে কাজ করছে সরকার। নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই প্রকল্পটির কমিশনিং সম্পন্ন হয়। এরপর থেকে এখন পর্যন্ত প্রকল্পটি থেকে ৬ দশমিক ১৩ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

মন্ত্রীপরিষদ বিভাগের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পটিতে ব্যয় হয়েছে ৭১ লাখ ২৬ হাজার ১৬ টাকা। গত ৯ জুলাই রুফটপ সোলার ব্যবস্থাটি নেট মিটারিং সুবিধার আওতায় আনা হয়।

সরকারি ভবনের অব্যবহৃত ছাদ ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!