বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদের টাকা মওকুফ করেছে সরকার। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় এ সুবিধার মেয়াদ আরও কয়েক মাস বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শুক্রবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের রেস্ট হাউজ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে বন্যাকবলিত এলাকার গবাদিপশুকে বিনামূল্যে টিকা দেওয়া এবং জেলে সম্প্রদায়ের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, বান্দরবানের বন্যাদুর্গত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতোমধ্যে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও আর্থিক সহায়তা দেওয়া হবে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে জেলার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে ২৫ কেজি করে চাল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। পরে প্রতিমন্ত্রী বান্দরবান সদর উপজেলার ক্রাইক্ষ্যংপাড়া এবং রোয়াংছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য সাচিং প্রু জেরী, অ্যাডভোকেট মাধবী মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!