তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের সবচেয়ে বড় শক্তি তাঁর সুস্পষ্ট পরিকল্পনা। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা দিয়ে দেশের জন্য একটি পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেছিলেন।
সম্প্রতি ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীও বক্তব্যের শুরুতে একই বাক্য—‘আই হ্যাভ এ প্ল্যান’—ব্যবহার করে পরিকল্পনাভিত্তিক নেতৃত্বের বার্তা দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সামাজিক সংগঠন ‘আপন’-এর উদ্যোগে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
জহির উদ্দিন স্বপন বলেন, সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে তাঁর মনে হয়েছে, জনগণের সামনে ভবিষ্যতের রূপরেখা উপস্থাপনে পরিকল্পনাভিত্তিক নেতৃত্বের যে ধারণা তারেক রহমান তুলে ধরেছিলেন, তার সঙ্গে এ বক্তব্যের মিল রয়েছে।
মন্ত্রী বলেন, কোনো রাষ্ট্রনায়ক যখন জাতির সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেন, তখন জনগণ সেই পরিকল্পনার মধ্যেই দেশের ভবিষ্যতের দিকনির্দেশনা খুঁজে পায়। তাঁর দাবি, বাংলাদেশের মানুষও তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রচিন্তা ও কর্মপরিকল্পনার ওপর আস্থা রেখেই তাঁকে এবং তাঁর দলকে সমর্থন দিয়েছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, তারেক রহমানের পরিকল্পনার অন্যতম ভিত্তি হলো ধর্ম, বর্ণ, ভাষা, জাতিসত্তা ও সংস্কৃতিনির্বিশেষে সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। তিনি বলেন, মহাত্মা ভেগাই হালদারও তাঁর জীবন ও কর্মে একই ধরনের মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির বার্তা প্রচার করেছেন।
বাংলাদেশকে বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করে জহির উদ্দিন স্বপন বলেন, বিভাজনের রাজনীতির কোনো স্থান দেশে হবে না। ধর্ম, বর্ণ, ভাষা কিংবা জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন ‘আপন’-ঢাকার সভাপতি শচীন্দ্র নাথ হালদার।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!