রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২৩ জুলাই বিকেল থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, খোন্দকার মিসবাহ উল আজীমের মেয়াদ ২২ জুলাই ২০২৯ পর্যন্ত হবে। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।
খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। রয়েল মালয়েশিয়ান নৌবাহিনীতে প্রশিক্ষণ শেষে ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি নিজ ব্যাচে মেধা ও জ্যেষ্ঠতায় প্রথম স্থান অধিকার করেন।
তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া এমফিলসহ কৌশলগত, প্রতিরক্ষা ও অপারেশনাল স্টাডিজ বিষয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের তিনটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের কৃতি গ্র্যাজুয়েট।
প্রায় চার দশকের কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ দায়িত্ব পালন করেছেন। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নৌবাহিনী সদর দপ্তরে পরিচালক (নৌ অপারেশন্স) ও পরিচালক (নৌ পরিকল্পনা) হিসেবেও দায়িত্ব পালন করেন।
খোন্দকার মিসবাহ উল আজীম বানৌজা ওমর ফারুক, বানৌজা এস আর আমিন, বানৌজা নির্ভয়, বানৌজা সৈকত এবং নৌঘাঁটি বানৌজা তিতুমীরের অধিনায়ক ছিলেন। তিনি বাংলাদেশ নেভাল একাডেমি, ডিএসসিএসসি ও ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক পর্যায়ে তিনি লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ভূমিকা রাখেন।
কর্মজীবনে তিনি নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন সম্মাননা ‘নৌবাহিনী পদক (এনবিপি)’ ও ‘নৌ-পারদর্শিতা পদক (এনপিপি)’সহ বিভিন্ন জাতীয় ও পেশাগত পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনবার নৌবাহিনী প্রধানের প্রশংসাসূচক ইনসিগনিয়াও লাভ করেন।
ব্যক্তিগত জীবনে খোন্দকার মিসবাহ উল আজীম বিবাহিত। তাঁর স্ত্রী নুরতাজ আজীম। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!