দায়িত্ব গ্রহণের পাঁচ মাসে সরকার ‘বহুমাত্রিক ও অভূতপূর্ব সাফল্য’ অর্জন করেছে বলে দাবি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। জনগণের আস্থা অর্জন, অর্থনৈতিক স্থিতিশীলতা, দ্রুত বিচার, প্রশাসনিক সংস্কার এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, গত পাঁচ মাসে জনগণের আস্থা ও সমর্থন অর্জন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, স্বল্প সময়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রধানমন্ত্রীর নেতৃত্ব—এই পাঁচটি ক্ষেত্র সরকারের উল্লেখযোগ্য অর্জন হিসেবে সামনে এসেছে।
মাহদী আমিনের ভাষ্য, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন এবং স্বাস্থ্য ও শিক্ষা খাত পুনর্গঠনের কাজও চলছে।
সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, শিশু ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি, নারী ও শিশু নির্যাতনের মামলার বিচার, দীর্ঘদিন পলাতক আসামিদের গ্রেপ্তার, আলোচিত কয়েকটি মামলার অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতায় অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া জাতীয় সংসদে একাধিক গুরুত্বপূর্ণ আইন পাস, উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পরিবেশ রক্ষায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, ঢাকায় বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ, ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং চট্টগ্রাম বন্দরে স্বয়ংক্রিয় কার্গো রিলিজ ব্যবস্থা চালুর কথাও উল্লেখ করেন তিনি।
অর্থনৈতিক সূচকের বিষয়ে মাহদী আমিন বলেন, মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭১ শতাংশে নেমেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে রেমিট্যান্স প্রবাহও দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য একটি বৈষম্যহীন, আধুনিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। জনগণের প্রত্যাশা পূরণে সরকার একই অঙ্গীকার ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ হোসেন স্বাধীন, সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক, আশরোফা ইমদাদ, আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ারসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!