টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। পানি কমে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে থাকা সব মানুষ নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। তবে বন্যায় জেলার ১৫টি উপজেলা ও চট্টগ্রাম মহানগরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ, বোয়ালখালী ও সন্দ্বীপ উপজেলা। জেলায় ৯ হাজার ২০৮টি বসতবাড়ি আংশিক এবং ৬ হাজার ২০টি বসতবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১ হাজার ৪৯২ কিলোমিটার সড়ক এবং ১৬৯টি সেতু ও কালভার্ট। বন্যায় মোট ৭ লাখ ৮৫ হাজার ৪০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
পরিস্থিতি মোকাবিলায় জেলায় ৬৭০টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছিল এবং ২৪৫টি মেডিকেল টিম গঠন করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে আশ্রয়কেন্দ্রে থাকা সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ক্ষতিগ্রস্তদের জন্য ১ হাজার ২০০ মেট্রিক টন চাল, ৯৫ লাখ টাকা, শিশু খাদ্যের জন্য ৪ লাখ টাকা, গো-খাদ্যের জন্য ১০ লাখ টাকা, ১ হাজার বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮০ মেট্রিক টন চাল, ৮৩ লাখ ৭৫ হাজার টাকা, ৪৬ হাজার ১০০ প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য ও গো-খাদ্যের পুরো বরাদ্দ বিতরণ করা হয়েছে। বর্তমানে ১২০ মেট্রিক টন চাল, ১১ লাখ ২৫ হাজার টাকা, ১ হাজার ৪৫ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণের জন্য ৩০ লাখ টাকা মজুত রয়েছে।
এদিকে জেলা তথ্য অফিস বন্যা-পরবর্তী ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে। অনিরাপদ বসতবাড়ি এড়িয়ে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সাপে কাটার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকা, বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানো এবং ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণের বিষয়ে নিয়মিত মাইকিং ও প্রচারণা অব্যাহত রয়েছে।
একই সঙ্গে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র বন্যা পরিস্থিতি, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক বার্তা প্রচার করছে।
তবে পরিস্থিতির উন্নতি হলেও আবহাওয়া বিভাগ চট্টগ্রাম উপকূলের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রেখেছে। পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ ও ১৯ জুলাই হালকা থেকে মাঝারি এবং ২০ থেকে ২২ জুলাই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!