জাতীয়

সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, তাঁতশিল্পে নতুন সম্ভাবনার কথা বললেন মন্ত্রী

আপডেট: জুলা ১৯, ২০২৬ : ০৫:১৯ এএম
সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, তাঁতশিল্পে নতুন সম্ভাবনার কথা বললেন মন্ত্রী

সিরাজগঞ্জে বাংলাদেশ তাঁত বোর্ড নির্মিত নতুন তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এই কেন্দ্র স্থানীয় তাঁতিদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সিরাজগঞ্জের তাঁতশিল্পের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। নতুন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে তাঁতিরা আধুনিক প্রশিক্ষণ নিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় ব্যবসায়ীতে পরিণত হওয়ার সুযোগ পাবেন। এতে দেশের অর্থনীতিতেও তাঁদের অবদান আরও বাড়বে।

তিনি বলেন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, সিরাজগঞ্জ বাংলাদেশের তাঁতশিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। এ অঞ্চলে প্রায় ৫০ হাজার তাঁতি এবং লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পের সঙ্গে যুক্ত। নতুন প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ জনবল তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন নকশা উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, সিরাজগঞ্জের লুঙ্গি ও গামছা ইতোমধ্যে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। এখন এসব পণ্যের মানোন্নয়ন, আধুনিক নকশা, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সরকার তাঁতশিল্পকে আরও প্রতিযোগিতামূলক করতে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, নতুন কেন্দ্রটিতে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণ সুবিধার মাধ্যমে দক্ষ কারিগর ও উদ্যোক্তা তৈরি করা হবে। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের ব্যবস্থাও রাখা হবে।

তিনি বলেন, প্রান্তিক তাঁতিদের জন্য সহজ শর্তে ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি তাঁতিকে এই সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, কাজীপুর ও তাড়াশ উপজেলার তাঁতিদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৮৭ সালে সিরাজগঞ্জ বেসিক সেন্টার প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে কেন্দ্রটির আওতায় ৩৫টি প্রাথমিক ও একটি মাধ্যমিক তাঁতি সমিতি রয়েছে। এ পর্যন্ত ২ হাজার ২৮২ জন তাঁতিকে প্রায় ১২ কোটি ৬৮ লাখ টাকা ঋণ সহায়তা দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরীফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!