জাতীয়

মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: জুলা ১৯, ২০২৬ : ০৫:২৬ এএম
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার।

শনিবার কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এসব ঘর নির্মাণ করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’—এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে। শুধু গৃহহীন পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশু পালনকারীদের জন্যও বিভিন্ন সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি জানান, যাদের বীজতলা, চারা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রয়োজনীয় বীজ, সার ও কৃষি উপকরণ দেওয়া হবে। একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সরকার ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি সব সময় মানুষের পাশে থাকবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পানি উন্নয়ন বোর্ড আর কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণ করা হবে, যাতে প্রয়োজনের সময় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া যায়।

তিনি বলেন, নদী ও উপকূলীয় এলাকায় বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বিবেচনায় কক্সবাজারের বিভিন্ন উপজেলায় স্থায়ী বেড়িবাঁধ ও স্লুইসগেট নির্মাণ করা হয়েছে। এসব অবকাঠামোর কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া চান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ না পড়ে এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

দুই দিনের সফরে শুক্রবার কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের প্রথম দিনে তিনি চকরিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!