জাতীয়

তৃণমূলের প্রতিভা খুঁজতে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’

আপডেট: জুলা ২১, ২০২৬ : ০৫:৪৯ এএম
তৃণমূলের প্রতিভা খুঁজতে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা বৈচিত্র্যময় প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে নতুন টেলিভিশন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ আয়োজনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রচলিত গান, নাচ বা অভিনয়নির্ভর প্রতিযোগিতার বাইরে গিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল, সাংস্কৃতিক ও প্রযুক্তিনির্ভর প্রতিভার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এক বছর মেয়াদি এ রিয়েলিটি শোর মোট ৫২টি পর্ব বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি একটি ওটিটি প্ল্যাটফর্মেও সম্প্রচার করা হবে। প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ৪৫ থেকে ৬০ মিনিট।

আয়োজকদের ভাষ্য, লাঠিখেলা, পুতুলনাচ, বহুরূপী, জাদুবিদ্যা, অ্যাক্রোবেটিক্স, স্যান্ড আর্ট, রোবটিক্স, ড্রোন প্রযুক্তি কিংবা অন্য যেকোনো ব্যতিক্রমী দক্ষতা—সব ধরনের প্রতিভা প্রদর্শনের সুযোগ থাকবে এই মঞ্চে।

প্রতিযোগীদের নিবন্ধন শুরু হবে অনলাইনের মাধ্যমে। এরপর দেশের আটটি বিভাগে সরাসরি অডিশন অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্ব শেষে স্টুডিও অডিশন, নকআউট, সেমিফাইনাল ও দর্শক ভোটের সমন্বয়ে গ্র্যান্ড ফাইনালে বিজয়ী নির্বাচন করা হবে।

অনুষ্ঠানের বিচারক হিসেবে থাকবেন সঙ্গীত, নৃত্য ও অভিনয় অঙ্গনের তিনজন খ্যাতিমান ব্যক্তিত্ব। পাশাপাশি দুইজন জনপ্রিয় উপস্থাপক প্রতিযোগীদের জীবনসংগ্রাম ও নেপথ্যের গল্প তুলে ধরবেন।

আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক রিয়েলিটি শোর আদলে এতে ‘রেড বাটন’ ও ‘গোল্ডেন বাটন’ সুবিধা রাখা হবে। বিচারকদের কাছে কোনো পরিবেশনা মানসম্মত না হলে তাৎক্ষণিকভাবে সেটি থামিয়ে দেওয়া যাবে। অন্যদিকে অসাধারণ পারফরম্যান্স সরাসরি পরবর্তী ধাপে উন্নীত করার সুযোগও থাকবে। চূড়ান্ত বিজয়ী নির্ধারণে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এই আয়োজনের বাস্তবায়ন করবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য প্রতিভাবান মানুষ রয়েছেন, যাদের বড় মঞ্চে আসার সুযোগ হয়নি। এই আয়োজন সেই প্রতিভাগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি উদ্যোগ।

তিনি আরও বলেন, শুধু বিনোদন নয়, এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক শিল্পী ও উদ্ভাবকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হবে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, তরুণদের মেধার মূল্যায়ন এবং তাদের জন্য নতুন সুযোগ তৈরি করাই সরকারের লক্ষ্য। তাঁর ভাষায়, ‘প্রতিভার সন্ধানে’ শুধু একটি রিয়েলিটি শো নয়, এটি দেশের সুপ্ত মেধাকে বিকশিত করার একটি জাতীয় প্ল্যাটফর্ম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আশা, নতুন এই উদ্যোগের মাধ্যমে হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান মানুষও জাতীয় পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!