তরুণদের আকাঙ্ক্ষা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, তারুণ্যের ক্ষমতায়নই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
বুধবার রাজধানীর মিরপুরে আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেপ) বাংলাদেশ আয়োজিত ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিল্পখাতের চাহিদা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠক্রমের মধ্যে কার্যকর সমন্বয় থাকবে। এর মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে তরুণরা দেশ ও বিদেশের কর্মবাজারে প্রতিযোগিতায় সক্ষম হবে।
তিনি বলেন, দক্ষতা উন্নয়নের পাশাপাশি তরুণদের মধ্যে নৈতিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, শ্রমিকবান্ধব নীতির কারণে সাম্প্রতিক দুই ঈদে বেতন-ভাতা ও বোনাস নিয়ে কোনো বড় ধরনের অসন্তোষ দেখা যায়নি। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারি, বেসরকারি, বৈদেশিক এবং আত্মকর্মসংস্থানের চারটি ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সবার চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার প্রয়োজন নেই; বরং যে যার আগ্রহের ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে হবে।
মাহদী আমিন জানান, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, পলিটেকনিক, টিটিসি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সনদের আন্তর্জাতিক স্বীকৃতি এবং প্রশিক্ষণের মান উন্নয়নেও কাজ চলছে।
ইউসেপ বাংলাদেশের ৮০ শতাংশের বেশি শিক্ষার্থীর কর্মসংস্থান নিশ্চিত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এই সফল মডেল দেশের অন্যান্য কারিগরি ও পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানেও সম্প্রসারণ করা প্রয়োজন। রাজধানীর পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের তরুণরাও যাতে মানসম্মত প্রশিক্ষণের সুযোগ পান, সে লক্ষ্যে সরকার নীতিগত সহায়তা দিয়ে যাবে।
তিনি বলেন, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনের ক্ষেত্রে বেসরকারি খাতকে আরও বড় ভূমিকা রাখতে হবে। সরকার এ ক্ষেত্রে সহায়ক পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!