জাতীয়

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফুল ইসলাম

আপডেট: জুলা ২৩, ২০২৬ : ০৪:৫২ এএম
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফুল ইসলাম

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে কারিগরি শিক্ষা বিভাগে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান অধ্যক্ষ শরীফুল ইসলামের হাতে সম্মাননা তুলে দেন। এর আগে ২০১৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহেও তিনি কারিগরি শিক্ষায় উপজেলা, জেলা ও রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।

শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের পাশাপাশি বর্তমানে তিনি বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সিট পলিটেকনিক ও মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) এবং তাড়াশ কল্যাণ সমিতি, সিরাজগঞ্জের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), এইচটিটিআই রাজশাহীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় যুক্ত রয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ২০০১ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী এলাকায় প্রতিষ্ঠা করেন ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। পরে শিক্ষার মান ও অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালের ১ মে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, নিজস্ব কেন্দ্রে পরীক্ষা গ্রহণ এবং নিয়মিত মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে কারিগরি শিক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সম্মাননা পাওয়ার পর অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম বলেন, শিক্ষক-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা, সুশাসন ও সম্মিলিত উদ্যোগের ফলেই প্রতিষ্ঠানটি আজ এই স্বীকৃতি অর্জন করেছে। এই সম্মান ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!