প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।
বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব গাজী শাহরিয়ার পামির জানান, বৈঠকে আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ন, ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান) বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকার আবাসন খাতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। এ খাতে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, নগরায়ন শুধু ঢাকাকেন্দ্রিক হলে চলবে না। দেশের অন্যান্য অঞ্চলেও পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম পরিচালনার সময় কৃষিজমি সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দিতে হবে।
বৈঠকে রিহ্যাবের প্রতিনিধিরা জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানান। পাশাপাশি আবাসন খাতসংশ্লিষ্ট সরকারি সেবা পুরোপুরি ডিজিটাল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ ছাড়া রাজধানীর সীমিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ভবনের ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) যৌক্তিকভাবে নির্ধারণ এবং উল্লম্ব নগরায়নের ওপর গুরুত্ব দেওয়ার প্রস্তাবও তুলে ধরা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল, সহসভাপতি আবু খালিদ মোহাম্মদ বারকাতুল্লাহসহ আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!