জাতীয়

বুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

আপডেট: জুলা ২৩, ২০২৬ : ০৫:৩৮ এএম
বুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। তিনি বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন।

পরবর্তীতে বিভিন্ন একাডেমিক ধাপ অতিক্রম করে ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)–এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উচ্চশিক্ষার জন্য তিনি জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখান থেকে ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জনের পর একই বিশ্ববিদ্যালয়ে দুই বছর পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

শিক্ষা, গবেষণা ও প্রকৌশল খাতে দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে তাঁর এ নিয়োগ বুয়েটের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!