জাতীয়

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই বৈদেশিক সম্পর্ক পরিচালনা করবে সরকার: খলিল

আপডেট: জুলা ২৩, ২০২৬ : ০৫:৪৬ এএম
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই বৈদেশিক সম্পর্ক পরিচালনা করবে সরকার: খলিল

সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল ভিত্তি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি জাতীয় স্বার্থ সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ অবস্থান তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে দুই দেশ বিদ্যমান সমন্বিত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে একমত হয়। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন, বহুমুখী পরিবহন করিডোর, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করা হয়। জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান ল্যাভরভ।

পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় ড. খলিলুর রহমান মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রুবিওও ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব উচ্চপর্যায়ের বৈঠক ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির আলোকে জাতীয় স্বার্থ সমুন্নত রেখে প্রধান বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের প্রচেষ্টারই প্রতিফলন।

বর্তমানে ড. খলিলুর রহমান আসিয়ান আঞ্চলিক ফোরামের ৩৩তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!