জাতীয়

বাসাইল পৌরসভার ২৫ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা

আপডেট: জুলা ২৪, ২০২৬ : ০৫:০৪ এএম
বাসাইল পৌরসভার ২৫ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের জন্য ২৫ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ৯৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন বাজেটে অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে রাস্তা নির্মাণ ও সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট সভা ও সুধী সমাবেশে পৌর প্রশাসক মো. ইকবাল হোসেন বাজেট ঘোষণা করেন। তিনি সভায় সভাপতিত্ব করেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার ৭৪৩ টাকা। এ খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৬৬০ টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ১ লাখ ৬৯ হাজার ৮৩ টাকা।

এ ছাড়া উন্নয়ন খাতে আয় ও ব্যয় উভয়ই ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ১৮ হাজার ২৪৭ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ইকবাল হোসেন বলেন, পৌরবাসীর জীবনমান উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থা আরও সহজ করতে রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কারকে নতুন বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি পৌরসভার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান খান (তুহিন) এবং পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বক্তব্য দেন।

এ সময় বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো. রুবেল মিয়া, উপজেলা যুবদলের সদস্যসচিব শাহ আলম ভূঁইয়া, সাবেক কমিশনার সোহানুর রহমান জুয়েল, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!