জাতীয়

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারের আশা সরকারের

আপডেট: জুলা ২৪, ২০২৬ : ০৫:০৭ এএম
সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারের আশা সরকারের

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের আসন্ন ঢাকা সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সব সময়ই ইতিবাচক ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়ে সেই সম্পর্ক আরও গভীর হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন বিশেষ দূতের সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো উচ্চপর্যায়ের সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। তাঁর আশা, এ সফরের মাধ্যমে বহুমাত্রিক সহযোগিতা আরও বিস্তৃত হবে।

তিনি জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক কূটনীতি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। সরকার এসব ক্ষেত্রে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী। পাশাপাশি নতুন কোনো সহযোগিতার ক্ষেত্র তৈরি হলে সেটিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিন দিনের সরকারি সফরে আগামী ৩০ জুলাই ঢাকায় আসার কথা রয়েছে সার্জিও গরের। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতা, পেশাজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

সার্জিও গর বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন। এর আগে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সহকারী এবং প্রেসিডেন্সিয়াল পার্সোনেল দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে গত সপ্তাহে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক হয়। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!